বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম : ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৫২:৪৫ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর এলাকায় এলজিইডির রাস্তার কাজে নতুন ইটের পাশাপাশি পুরাতন ইট ব্যবহারে রাস্তা মেরামতে অনিয়মের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন থেকে ওই রাস্তায় এলজিইডি র রাস্তার কাজ চলছে।
এলাকাবাসীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
জানা যায় যে, রাজশাহীর “রুকাইয়া কনস্ট্রাকশন” নামের এক কন্ট্রাকটর, এলজিইডির সাড়ে ৩ কিলোমিটার রাস্তার কাজ করছেন। এই কাজের বাজেট ধরা হয়েছে প্রায় ২ কোটি টাকা। এই কাজে তারা ব্যবহার করছেন নতুন ইটের পাশাপাশি পুরাতন ইট। এতে করে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। তবে এই ইট গুলো এর আগেও ব্যবহার করা হয়েছিল ওই একই রাস্তায়। যা তুলে আবারও নতুন করে ওই একই রাস্তার দুই ধারের এজিং এ ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা মনে করছেন আগে ওই একই রাস্তায় যে ইট ব্যবহার করা হয়েছিল আবার সেই পুরাতন ইট তুলে, আবার নতুনের সাথে মিশিয়ে কাজ করা হচ্ছে। এতে করে রাস্তার কতটা ভালো হবে সেটা তাদের প্রশ্ন। তবে স্থানীয়রা চান পুরাতন ইট সহ রাস্তার পুরাতন সামগ্রী সরিয়ে নতুনভাবে, সব কিছু নতুন দিয়ে যেন কাজ করা হয়।
এই বিষয়ে ৩ নং পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী খাঁন তিনি বলেন, বিষয়টি আমি ওভাবে জানি না, তবে বিষয়টি আমি দেখছি।
এই বিষয়ে রুকাইয়া কনস্ট্রাকশন এর কনট্রাক্টর সম্রাট বলেন, ইট যেভাবে দেওয়া হচ্ছে সেটা ঠিক আছে। সিডিউলের নিয়ম অনুযায়ী যেগুলো আগে ব্যবহার করা পুরাতন ইট আছে এবং ভালো আছে সেগুলো আবার ব্যবহার করার কথা রয়েছে।
মুঠোফোনে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে, দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ তিনিও একই কথা বলেন।

















