জাতীয়

বদলগাছীতে মৎস্য সপ্তাহ উদ্বোধন, ১ম দিন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৫ , ৫:০৯:১৭ প্রিন্ট সংস্করণ

আবু রায়হান লিটন,স্টাফ রিপোর্টার নওগাঁঃ

দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ রক্ষায় “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সারা দেশের মতো নওগাঁর বদলগাছী উপজেলাতেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক।

উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিপা রানী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন প্রমুখ।

এসময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সম্প্রদায়ের সদস্যরা।

বক্তারা বলেন, দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অবৈধ জাল ব্যবহার বন্ধ করতে হবে এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে নদ-নদীতে অভয়াশ্রম সৃষ্টি, মাছের প্রজনন মৌসুমে সুরক্ষা নিশ্চিতকরণ এবং উৎপাদিত মাছের সঠিক বাজারজাতকরণ জরুরি।

সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, দেশীয় মাছ আমাদের ঐতিহ্য। ভবিষ্যৎ প্রজন্মকে এ স্বাদ পৌঁছে দিতে হলে এখনই সম্মিলিতভাবে মৎস্যসম্পদ সংরক্ষণে উদ্যোগী হতে হবে। অভয়াশ্রম সৃষ্টি ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৭দিনের বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিও ঘোষণা করা হয়।

সবশেষে মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩জন মৎস্যজীবির মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

আরও খবর

Sponsered content