রংপুর

কুড়িগ্রামে হ্যালো’র শিশু সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ৪:২৮:০৪ প্রিন্ট সংস্করণ

আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

‎দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কুড়িগ্রামে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফের অংশীদারত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করে।

গতকাল ‎শনিবার বিকেলে শহরের কলেজ মোড়স্থ দ্যা গ্রাউন্ড অ্যাসেম্বলি হল কমিউনিটি সেন্টারের সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। কর্মশালায় জেলার নির্বাচিত ২০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।

‎অনুষ্ঠানে অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাজু মোস্তাফিজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি জাহানুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক মওলা গোলাম সিরাজ, প্রশিক্ষণার্থী সাবিহা কবীর, তানজীর ত্বহা।

অধ্যক্ষ কাজী শফিকুর রহমান বলেন, “হ্যালোর মাধ্যমে শিশু সাংবাদিক তৈরির যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। আজকের এই শিশুরা ভবিষ্যতে ভাল সাংবাদিক হবে, ভালো নাগরিক হবে, দায়িত্বশীল কর্মকর্তা হবে। দেশকে বদলে দেবে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে।”

মো. শাহজাহান আলী বলেন, “আমি আমার সন্তানদের ‘আপনি’ বলে সম্বোধন করি। কারণ শিশুদের সম্মান দিলে তারাও সম্মান করতে শেখে। শিশুরা পরিবেশের প্রতিফলন। তাদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে তারাই আমাদের একটি সুন্দর দেশ উপহার দেবে।”

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক ছিলেন সুজন মোহন্ত, আহসান হাবিব নীলু, জাহানুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক বিভাগের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার আইন, শিশু শ্রম আইন, সংবাদ লেখা ও উপস্থাপনা, তথ্য যাচাইয়ের কৌশল, নৈতিক সাংবাদিকতা, ভিডিও স্টোরি তৈরি, মাঠে কাজ করার সময় উদ্ভূত সমস্যা ও চ্যালেঞ্জ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও দলভিত্তিক অনুশীলনের মাধ্যমে শিশুদের সাংবাদিকতার প্রতি আগ্রহ ও দক্ষতা বাড়াতে সহায়তা করেন।

আরও খবর

Sponsered content