প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১০:৪৭:০০ প্রিন্ট সংস্করণ
নীলফামারী জেলা প্রতিনিধি, মিরাজ

ডিমলায় লেপ্রসি মিশন বাংলাদেশের উদ্যোগে শীতার্ত কুষ্ঠ রোগীদের মাঝে কম্বল বিতরণ নীলফামারীর ডিমলা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লেপ্রসি মিশন বাংলাদেশ। সংস্থাটির ডিমলা উপজেলা শাখার উদ্যোগে কুষ্ঠ রোগী ও কুষ্ঠজনিত প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে ২০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ডিমলা উপজেলায় আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধানত কুষ্ঠ আক্রান্ত ও কুষ্ঠ প্রতিবন্ধী রোগীদের অগ্রাধিকার দেওয়া হয়। শীত মৌসুমে অসহায় রোগীদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম ইসলাম, লেপ্রসি মিশন বাংলাদেশ এর ডিমলা উপজেলার রিসার্চ সুপারভাইজার মো. মশিউর রহমান, মিস্টার রবিন মুর্মু, পার্সোনাল অ্যাডভাইজার, লেপ্রসি মিশন বাংলাদেশ ডিমলা উপজেলা,ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ গোলাম রাব্বানী, মোঃ মমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক, উপজেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, লেপ্রসি মিশন বাংলাদেশের ডিমলা উপজেলা ফিল্ড সুপারভাইজার রঞ্জিতা রানী রায়, সিএইচসিপি মহব্বত হোসেনসহ প্রমূখ ।
বক্তারা বলেন, কুষ্ঠ রোগীরা সামাজিকভাবে নানা ধরনের অবহেলা ও বঞ্চনার শিকার হন। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। লেপ্রসি মিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে কুষ্ঠ রোগীদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপকারভোগীরা এ সময় লেপ্রসি মিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

















